চট্টগ্রামে আবির হত্যা: চারজনের ফাঁসির রায়
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু ইয়াছিন আরাফাত আবির হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী তিন বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া চার আসামি হলেন- মো. ফারুক (২৫) ইদ্রিস মিয়া (২৮), মো. আনোয়ার (২৩) ও সুজন (২৩)। এদের মধ্যে সুজন পলাতক।
ফারুক, আনোয়ার ও সুজন চাঁদপুরের এবং ইদ্রিস সিলেটের মৌলভীবাজারের বাসিন্দা।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ূব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
“এছাড়া ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় আলাদা আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।”
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিসের স্ত্রী রাবেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নগরীর হালিশহর ‘বি-ব্লক’ এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে আবির প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ছিল। সে মা-বাবার সঙ্গে নানার বাড়িতে থাকত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর প্রতিবেশী ফারুক ও অন্যরা মুক্তিপণের আদায়ের জন্য আবিরকে অপহরণ করে।
পরে আবিরকে তারা নগরীর অলঙ্কার মোড়ে নিয়ে যায়। উদ্দেশ্য ছিল বাসে করে সিলেট যাওয়া। কিন্তু পরিকল্পনা বদলে আবিরকে একটি অটোরিকশায় তুলে সীতাকুণ্ড যাওয়ার পথে মুখে চাদর চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরে ছলিমপুর কালুশাহ মাজারের কাছে নগরদোলা চাইনিজ রেস্টুরেন্টের কাছে রাস্তার ওপর লাশ ফেলে দেওয়া হয় এবং পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে।
এঘটনায় রিয়াজ উদ্দিনের করা মামলায় পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে পরের বছরের ২৪ অক্টোবর অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে। গত ২ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর করা হয়।
আবিরকে হত্যার পাঁচ মাস পর চাঁদপুর, সিলেট ও চট্টগ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তারা সবাই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরে জামিনে মুক্তি পেয়ে সুজন পালিয়ে যায়।
ছেলেকে হত্যায় চারজনের ফাঁসির রায়ে সন্তুষ্ট হলেও রাবেয়া বেগমের খালাসে খুশি হতে পারেননি রিয়াজ উদ্দিন।
রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার সন্তানকে যারা এভাবে খুন করেছে তাদের ফাঁসি হওয়ায় আমি খুশি। কিন্তু রাবেয়া বেগমের ফাঁসি না হওয়ায় আমি অসন্তুষ্ট। ওই অটোরিকশায় আমার ছেলে তার কোলে ছিল।”
