২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক মঙ্গলবার

অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর মঙ্গলবার বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ে বৈঠক হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:02 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

সকাল সাড়ে ৯টার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এই বৈঠকে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এম এ গণপতি তার দেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকের সঙ্গে কোনো কথা বলেননি।

ভারতীয় প্রতিনিধি দল রাতে সোনারগাঁও হোটেলে স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হকের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন।

সচিব পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচি জানতে চাইলে এক উপ-সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদ, জঙ্গি দমন, ভারতে পালিয়ে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসীদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পন চুক্তিসহ বিভিন্ন বিষয়েও আলোচ্যসূচিতে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, “বন্ধুপ্রতীম দু’দেশের বৈঠকে কীভাবে আমাদের সম্পর্ক আরও জোরদার হয়, তাই নিয়েই হবে আলোচনা।”

এদিকে সোমবার বিকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব মহর্ষি, বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।