ফ্রান্সে হামলার তীব্র নিন্দা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের কঠোর অবস্থানের কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে উভয়ই ফ্রান্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন।
সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। প্রায় দেড় ঘণ্টা একান্তে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফ্রান্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।”
শুক্রবার সন্ধ্যায় প্যারিসের কেন্দ্রস্থলের ছয়টি স্থানে অস্ত্র ও বোমা নিয়ে হামলে পড়ে আইএস জঙ্গিরা। এতে ১৩২ জন নিহত হয়েছেন, যার ৮৭ জনেই মারা যান একটি কনসার্ট হলে।
প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসে সরকারি সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণে অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন প্রধানমন্ত্রী। পরে গত ৩ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সফরে নেদারল্যান্ডস যান তিনি।
সাধারণত বিদেশ সফরের আগে ও পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দেওয়ার আগে এর আগে গত ২২ সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়েছিলেন তিনি।
