প্যারিস যাচ্ছেন না প্রধানমন্ত্রী
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ইউনেসকো সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর স্থগিত হয়েছে।
ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি উবেরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে সফরের সময়সূচি পুনর্নির্ধারিত হবে।
তিন দিনের সফরে সোমবার শেখ হাসিনার প্যারিসে যাওয়ার কথা ছিল। সেখানে ইউনেসকোর লিডারস ফোরামে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার।
ওই অনুষ্ঠানে এখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে প্রেস সচিব ইহসানুল জানান।
শুক্রবার প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছে ফ্রান্স সরকার।
ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিলের খবর আসে রোববার দুপুরেই। এই সফরের বিষয়ে জানাতে বিকালে সংবাদ সম্মেলন করার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর।
তবে দুপুরে মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ থেকে জানানো হয়, ‘অনিবার্য কারণে’ ওই সংবাদ সম্মেলন হচ্ছে না।
এরপর বিকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় ফরাসি দূত সোফি উবের।
বৈঠকের পর প্রেস সচিব ইহসানুল সাংবাদিকদের বলেন, ফ্রান্সের সার্বিক পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত করা হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি পুনর্নির্ধারিত হবে।
শেখ হাসিনা প্যারিসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো বিবৃতিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকারও করেছেন।
