২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে আছি: ওলাঁদকে হাসিনা

প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকার কথা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 02:12 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ফ্রান্সের রাজধানীতে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হন।

হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ; বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।

ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, “প্যারিসে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বহু নিস্পাপ মানুষ নিহত ও আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।”

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেছেন, “সন্ত্রাসী সন্ত্রাসীই, তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই; সভ্য সমাজে অবশ্যই তাদের কোনো জায়গা হবে না।”

সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের সরকার প্রধান।

ইউনস্কোর সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহেই শেখ হাসিনার প্যারিস সফরের কথা রয়েছে।