পৌর নির্বাচন: কাউন্সিলর পদে ‘নির্দলীয়’ ভোটের চিন্তা
আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তাহলে শুধু মেয়র পদে দলীয় মনোনয়নে প্রার্থিতার সুযোগ থাকবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রক্রিয়ার কারণে বিধিমালার ভেটিং আটকে রয়েছে। আইন সংশোধনের পরই বিধিমালা জারির সব প্রক্রিয়া প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবারের মধ্যে সংসদে বিল পাস হবে, তখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে-কোন পদে দল কোথায় মনোনয়ন দেবে, কোথায় দেবে না।”
এতদিন ধরে স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হলেও সম্প্রতি আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। এর ফলে রাজনৈতিক নেতাদের সংসদ নির্বাচনের মতোই নৌকা, ধানের শীষ, লাঙলের মতো প্রতীকে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ঘটে।
ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় এক্ষেত্রে সংসদ বসার জন্য অপেক্ষা না করে অধ্যাদেশ জারি করে আইন কার্যকর হয়।
সংশোধিত আইন অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নেবেন। দলের বাইরে কেউ ভোট করতে চাইলে তাকে স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
অধ্যাদেশের আলোকে নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংশোধন করে ভেটিংয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন।
এক সপ্তাহ গড়ালেও বিধিমালা অনুমোদিত না হওয়ায় পৌর নির্বাচনের জন্য তফসিলও ঘোষণা করতে পারছে না ইসি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেনেছি, আইন সংশোধনের ড্রাফট হচ্ছে। পৌরসভায় মেয়র পদে শুধু দলভিত্তিক প্রার্থী থাকছে। সংশোধনী আনা হচ্ছে কাউন্সিলরদের দলীয় প্রার্থিতায়। এজন্য বিধিমালাও আটকে রয়েছে।”
তার মতে, দলীয় প্রতীকে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ভোট না হলেও আইনগত কোনো জটিলতা দেখা দেবে না; তারা আগের মতোই নির্দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ পাবেন। কাউন্সিলর পদে আগের মতো ভোট হলে স্বল্প সময়ে ব্যালট পেপার মুদ্রণেও সুবিধা পাবে ইসি।
নির্বাচন উপযোগী ২৪০ পৌরসভায় মোট পদ থাকবে ৩৭৬০। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদ ২ হাজার ৬৪০টি ও সংরক্ষিত ৮৮০টি। সব পদ দলীয় হলে প্রতিটি পদে নাম, প্রতীকসহ ব্যালট ছাপাতে হবে। কাউন্সিলর বাদ পড়লে শুধু মেয়রদের ২৪০টি পদে দলীয় প্রতীক থাকবে।
এ অবস্থায় পৌরসভা আইনে ফের সংশোধনীর ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি দলের। তারা মেয়র বা চেয়ারম্যান পদে মনোনয়ন দিল, অন্য পদে মনোনয়ন দিল না।”
তবে সব ধরনের সংশোধনী শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার এ সংক্রান্ত আইন সংসদে পাস হবে বলে জানান মন্ত্রী।
“মন্ত্রিসভায় তো পৌর আইন সংশোধনী উঠেছে। এখন সংসদে যাবে। ১৮ নভেম্বরের মধ্যে বিল পাস হলে সব পরিষ্কার হয়ে যাবে”, বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
আইন-বিধি সংশোধন নিয়ে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা-পর্যালোচনা চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইতোমধ্যে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ প্রসঙ্গে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার রাখা হচ্ছে। কাউন্সিলরদের বিষয়টি বাদ দেওয়া হচ্ছে।
ইসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনের প্রক্রিয়া চলছে।
তারা জানান, ওই সংশোধনী অনুমোদন পেলে স্থানীয় সরকারের সব স্তরে (সিটি, পৌর, উপজেলা, ইউপি) মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে। কাউন্সিলর, সদস্য, মহিলা ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে আগের মতো প্রার্থিতার সুযোগ থাকবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র দলীয়ভাবে এবং কাউন্সিলর আগের মতো হলেও আইনগত কোনো দ্বন্দ্ব নেই।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নির্বাচনে একটি দলীয়, অন্য দুটি পদ নির্দলীয় রাখার বিষয়ে আইনগত খুঁটিনাটি বিশ্লেষণ করেই সংসদে বিল উত্থাপন করা হবে।
মন্ত্রণালয় ও ইসি কর্মকর্তারা জানান, পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রচারে যেতে পারবেন না আগের মতো। সব কিছু প্রস্তুত; কিছু আনুষ্ঠানিকতা বাকি। বুধ-বৃহস্পতিবারের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী ও বিধিমালা জারি হলেই দ্রুত তফসিল দিলে ২৯-৩০ ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করা যাবে।
