পৌর নির্বাচনের অধ্যাদেশ এবার আইন হচ্ছে
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে এক সপ্তাহ আগে যে অধ্যাদেশ জারি হয়েছিল, তা আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন- ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অধ্যাদেশে যা ছিল, আইনে তাই থাকছে।
“কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিল পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।”
এতদিন ধরে স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হলেও দলীয় আবহ থেকে মুক্ত ছিল না। এই রাখঢাক না রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আইন সংশোধনের উদ্যোগ নেয়।
আসছে ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় সংসদ বসার জন্য অপেক্ষা না করে এ আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্ত হয়। এরপর গত ২ নভেম্বর জারি হয় সেই অধ্যাদেশের গেজেট।
রোববার সংসদ অধিবেশন শুরু হওয়ায় সেই অধ্যাদেশকেই এখন আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হল বলে জানান সচিব।
তিনি বলেন, “এ আইনের খসড়া নিয়ে বৈঠকে অনেক আলোচনা হয়েছে, কিছুটা পরিবর্তন সাপেক্ষে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।”
আইনের উদ্দেশ্যে বলা ছিল এ করপোরেশন বাণিজ্যিকভাবে পরিচালিত হবে। সংশোধনের পর ‘বাণিজ্যিক’ শব্দের সঙ্গে ‘জনস্বার্থ’ শব্দটিও যোগ করা হয়েছে।
বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় মন্ত্রিসভা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বলে শফিউল আলম জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীও শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ও তাদের সাপোর্টের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে।”
