জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় পতাকার সন্মান সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ১২ ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমাদের পতাকা।
“কাজেই এই পতাকার মর্যাদা যেন কখনই ক্ষুণ্ন না হয়, পতাকার মর্যাদা যেন সবসময় সমুন্নত থাকে, এ ব্যাপারে সকলকে সবসময় সচেষ্ট থাকতে থাকতে হবে।”
সাঁজোয়া কোরের ১২ ল্যান্সারকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “জাতীয় পতাকাপ্রাপ্তি একটি ইউনিটের জন্য বিরল সম্মানের বিষয়। কোনো ইউনিটকে অধ্যবসায়, কর্মদক্ষতা ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই বিরল সম্মান অর্জন করতে হয়।”
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে বগুড়া সেনানিবাসে পৌঁছান। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
সেনাবাহিনীকে ‘জাতীয় সম্পদ’ ও ‘গৌরবের প্রতীক’ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর সাঁজোয়া কোর। যুদ্ধে শত্রু বাহিনীর দম্ভকে চূর্ণ-বিচূর্ণ করাই এই কোরের মূল লক্ষ্য। শত্রুকে পরাভূত করে বিজয় ছিনিয়ে আনতে এই কোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”
তিনি বলেন, “সাঁজোয়া কোরের পুরাতন ট্যাংকগুলোকে যুগোপযোগী করার লক্ষ্যে আপগ্রেডেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আশা করি এই উন্নয়ন আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”
অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, সেনাপ্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকালে বগুড়া শহরে এক জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
