শিল্পকলা একাডেমিতে অবস্থানে ‘কড়াকড়ি’তে ক্ষোভ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সন্ধ্যার পর দর্শনার্থীদের অবস্থানে ‘অঘোষিত বিধিনিষেধ’ চলছে বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যচর্চা ও সাংস্কৃতিক সংগঠন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।
বেশ কিছুদিন ধরে সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা সন্ধ্যা ৭টার পর শিল্পকলার মাঠে অবস্থানকারীদের বের হয়ে যেতে বাধ্য করছেন বলে অভিযোগ তাদের।
তবে কর্তৃপক্ষের দাবি, তারা নতুন কোনো বিধিনিষেধ আরোপ করেননি। নিরাপত্তা নিয়ে নিয়মিত কাজের অংশ হিসাবে আনসার সদস্যরা অনাকাঙিক্ষত লোকজনকে চলে যাওয়ার অনুরোধ করছেন।
পাভেল রহমান নামের এক সংস্কৃতিকর্মী তার ফেইসবুকে লিখেছেন, “সপ্তাহখানেক আগে দেখলাম শিল্পকলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা সন্ধ্যা ৭টায় সবাইকে চলে যেতে বলছেন। এটা নাকি ডিজি স্যারের হুকুম। এখানে আড্ডাও দেওয়া যাবে না?”
তার দীর্ঘ পোস্টের নিচে অনেক সংস্কৃতি কর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
কাজী রোখসানা রুমা নামে আরেক সংস্কৃতিকর্মী ফেইসবুকে লিখেছেন, “নিরাপত্তাহীনতার ধুয়া তুলে দর্শকদের শিল্পকলায় আসতে নিষেধ করার মতই হলো বিষয়টা তবে। যখন এমন চারিদিকে বন্ধ একটি জায়গায় একজন দর্শক ঢুকবেন তখন শুনশান নীরবতা তার ভয় আরও জাগিয়ে দেবে। আগামীকাল তিনি আর আসবেন না।
“নাট্যকর্মীরা তাদের প্রাণের জায়গাটিতে ঢুকতে পারবেন না অকারণে, এটি ঠিক কার স্বার্থ সিদ্ধির জন্য? পঁচনটা ঠিক কোথায়? লাকী ভাই নিজেও একজন নাট্যকর্মী, তিনি কেন এমন একটি সিদ্ধান্ত নিলেন সেটিও স্পষ্ট করা দরকার তার। আমরা তার কথাটাই জানতে চাই আগে।”
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীতা ইমাম ফেইসবুকে লিখেছেন, “যেমন নাটকের সেন্সরশিপেরর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তেমনি শিল্পকলা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানের দরজায় তালা লাগানোর বিরুদ্ধেও আন্দোলন করতে হবে।
“এরা এভাবেই সংস্কৃতি চর্চাকে জনবিচ্ছিন্ন করতে চায়। তখন মানুষ ঘরে বসে শুধু ভারতীয় কূটক্যাচাল দেখবে। হারিয়ে যাবে আমার বাংলার সংস্কৃতি। আর পরোক্ষভাবে লাভটা হবে জামাত-শিবিরের।”
এ বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিল্পকলার মাঠে কিছু মাদকসেবীর বসা নিয়ে কড়াকড়ির কথা শুনেছি। তবে এতে করে সংস্কৃতিককর্মীদের কোনো অসুবিধা হয়েছে বলে শুনিনি। বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হলে আগে তো আমার জানার কথা।
“কেউ ক্ষুব্ধ হয়ে আমাদের কাছে বললে নতুন সিদ্ধান্তের ভালো-মন্দ দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার যেত। কিন্তু ব্যাপারটা অত গভীর মনে হয়নি।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর ওই মাঠে অবস্থানকারীদের নিয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
“নতুন কোনো বিধি-নিষেধ সেখানে আরোপ করা হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে যারা কোনো প্রদর্শনী না দেখে অহেতুক সেখানে অবস্থান করে থাকেন তাদেরকে চলে যাওয়ার অনুরোধ করে থাকে নিরাপত্তাকর্মীরা।”
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মাকদসেবীদের আড্ডা বসে বলে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এতে একাডেমির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা মনে করছেন।
