গ্রাহক সেবা নিশ্চিতই মূল লক্ষ্য: বিটিআরসি প্রধান
কলড্রপ, ইন্টারনেটে ধীরগতিসহ নানা অভিযোগের প্রেক্ষাপটে গ্রাহকদের সেবার মান নিশ্চিত করাকে মূল লক্ষ্য নির্ধারণ করেছেন বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
ভিওআইপি নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেটরদের কাছে পাওনা আদায়েও কঠোর হবেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন প্রধান মাহমুদ সোমবার বিটিআরসি সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ খাতে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ’ এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কলড্রপ, ইন্টারনেট ধীরগতি এবং বিভিন্ন ধরনের সার্ভিসের নামে টাকা কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের বিস্তর অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে কী উদ্যোগ নেবেন- সাংবাদিকরা জানতে চাইলে মাহমুদ বলেন, “গ্রাহকদের সেবার মান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই হবে আমার ফার্স্ট প্রায়োরিটি।”
কবে নাগাদ গ্রাহকরা এসব ভোগান্তি থেকে মুক্তি পাবে বা বিটিআরসি এ বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ দেশের জনগণও কোয়ালিটি অফ সার্ভিস বোঝে না। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, ৫ দিনে বা রাতারাতি এ সমস্যার সমাধান করা যাবে না। তবে এই সমস্যাকে ফার্স্ট প্রয়োরিটি ধরে কাজ করা হবে।”
কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত মাহমুদ সেখানে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। বুয়েট থেকে পাস করার পর তিনি যুক্তরাষ্ট্রে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি নেন।
নিজের কর্মঅভিজ্ঞতা তুলে ধরে নতুন চেয়ারম্যান বলেন, তিনি যুক্তরাষ্ট্রের মেরিন কোর-এর ‘সিস্টেম ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত ছিলেন।
ভিওআইপি নিয়ন্ত্রণে আরও কড়া হওয়ার ইঙ্গিত দিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাইরের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবেন তিনি।
কল টার্মিনেশন রেটের মান যেন বজায় থাকে সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিটিআরসি প্রধান।
সুনীল কান্তি বোস অবসরে যাওয়ার পর মাহমুদকে গত ২৩ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ২৬ অক্টোবর তিনি যোগদান করেন।
প্রকৌশলী মাহমুদ ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিটিআরসি প্রধানের পদে তিনিই প্রথম ব্যক্তি, যিনি সরকারি কর্মকর্তা নন।
গুরুত্বপূর্ণ এই পদে যোগদানের পর রাজনৈতিক কোনো চাপ অনুভব করছেন কি না- সাংবাদিকদের প্রশ্নে মাহমুদ বলেন, “দুই সপ্তাহে এখন পর্যন্ত হয়নি।”
টেলিকম অপারেটরসহ এই খাতের অন্যান্যদের কাছে বিটিআরসির কয়েক হাজার কোটি টাকা পাওনা আদায়ের উদ্যোগ সম্পর্কেও মাহমুদের কাছে জানতে চান সাংবাদিকরা।
তিনি বলেন, “বকেয়া আদায়ে আইনি বিষয় রয়েছে, জোর করে টাকা আদায় করা যাবে না। শুধু লিগ্যাল নয়, পলিটিক্যাল বিষয়ও রয়েছে। আমার যেটা ইচ্ছা, লিগ্যাল বিষয়ে সমাধান না হলে- টাকা পয়সা না দিলে, পলিটিক্যাল লেভেলে নিয়ে যাব।”
সাইবার নিরাপত্তায় কী উদ্যোগ নেওয়া হবে- এই প্রশ্নে তিনি বলেন, “ইউএসএতে হ্যাকিং সংখ্যা অসংখ্য, সেখানে টেলিফোনে তেমন ঝামেলা নেই আড়িপাতা ছাড়া, তবে এখানে (দেশে) সিকিউরিটি বিষয়টি মোবাইল ফোনে বেশি। এখানে এমটিএসসি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে কীভাবে সহযোগিতা করা যায়, তা দেখা হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি বা একাউন্ট হ্যাক নিয়ন্ত্রণের বিষয়েও সাংবাদিকদের জিজ্ঞাসার মুখে পড়েন বিটিআরসি প্রধান।
“বিটিআরসি এ বিষয়ে কাজ করে, ফেইসবুক আমাদের নয় পুরো বাইরের কন্ট্রোলে, অনুরোধ করি এই সাইটটি বন্ধ কর, কখনও করে, কখনও করে না।”
সভায় উপস্থিত বিটিআরসি সচিব সরওয়ার আলম জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে সরকারি পর্যায়ে ‘মিউচুয়াল এগ্রিমেন্ট’ নিয়ে আলোচনা করছে।
এই চুক্তির ফলে সমস্যা অনেকাংশে কমার আশা প্রকাশ করে তিনি বলেন, “ফেইসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম যুক্তরাষ্ট্রতে রয়েছে, তাই চুক্তি হবে এ বিষয়ে সুবিধা হবে।”
অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক এ কে এম শহিদুজ্জামানও ছিলেন।
