২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিলেন বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 05:15 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

ইকবাল নন, বিটিআরসি চেয়ারম্যান হচ্ছেন শাহজাহান

সোমবার সকালে তিনি দায়িত্ব নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম।

যোগদানের পরপরই শাহজাহান মাহমুদ বিটিআরসি কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সরওয়ার বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আরও উদ্যেগী হওয়ার আহ্বান জানান।”

এছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নে ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান সরওয়ার।

সুনীল কান্তি বোস অবসরে যাওয়ায় শাহজাহানকে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

 

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিটিআরসি প্রধানের পদে তিনিই প্রথম ব্যক্তি, যিনি সরকারি কোনো কর্মকর্তা ছিলেন না।

জনপ্রশাসনের কর্মকর্তা সুনীল বোসের আগে বিটিআরসির চেয়ারম্যান ছিলেন সেনা কর্মকর্তা জিয়া আহমেদ। তার আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এই দায়িত্বে ছিলেন আরেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল আলম।

তারও আগে বিটিআরসি প্রধানের দায়িত্ব পালনকারী মার্গুব মোর্শেদ ও ওমর ফারুক দুজনই ছিলেন সচিব।