উত্ত্যক্তের দায়ে ৭ বখাটের কারাদণ্ড
ঝিনাইদহে জেএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে সাত বখাটেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাকিবুল হাসান(১৭), শাকিল হোসেন (১৮), আব্দুল মমিন (১৭), সোহাগ আলি (২০), হৃদয় আহমেদ (১৭), রনি আহমেদ (১৮) ও অভি হোসেন (১৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ায় সময় সাত বখাটে কেন্দ্রে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। এরপর পরীক্ষা শেষে দুপুরে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
