সাত খুন: নারাজি খারিজে আপিলের ঘোষণা বিউটির
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের দুই মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দিয়ে দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে এক বাদীর করা নারাজি মামলা খারিজের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি।
ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যা মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ওই মামলা খারিজ করেন।
এদিক, আসামি তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হলে তার আইনজীবীকে বিচারিক আদালতে আবেদন জানাতে বলে নথি মামলার অন্তর্ভুক্ত করার আদেশ দেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারাজি আবেদনের শুনানি শেষে সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন তা নাকচ করে বিচারিক আদালতে জমা দেওয়া অভিযোগপত্র বহাল রাখার আদেশ দেন।
বিচারিক আদালতে নারাজি আবেদন খারিজ হওয়ার পর আদেশ পুনর্বিবেচনার জন্য গত ২১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আবার আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি।
সাখাওয়াত বলেন, “এই রায়ে মামলার বাদী সংক্ষুদ্ধ ও ব্যথিত। আমরা ন্যায় বিচার পাইনি, বাদী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।”
সেলিনা ইসলাম বিউটি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ ছাড়াই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। নূর হোসেনকে যেহেতু দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রায় সম্পন্ন, তাই নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও অর্থের যোগানদাতা কারা সেই বিষয়টি বের করে বিচার প্রক্রিয়া শুরু করা হোক।
“এই কারণে আদালতে নারাজি পুনর্বিবেচনার আবেদন করেছিলাম। আদালত আবেদন খারিজ করে দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
ঢাকা থেকে আসা তারেক সাঈদের আইনজীবী ছরোয়ার মিয়া বলেন, “আমরা আমার মক্কেল তারেকে সাঈদের পক্ষে জামিনের আবেদন জানিয়েছিলাম। কিন্তু মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর হওয়ায় আদালত আমাদেরকে সেখানে আবেদন জানাতে বলেছেন।”
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান বলেন, ৭ খুনের একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির করা রিভিশন মামলা খারিজ করে দিয়েছে আদালত। অপর আদালতে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলাটি বিচারের জন্য জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গত ৮ এপ্রিল এই নারাজি আবেদন নাকচ করে সাত খুনের দুই মামলায় কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইদুজ্জামান শরিফ।
সেইসঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের মালামাল জব্দের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে সোমবার সকালে সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলা অভিযোগ গঠনের শুনানির জন্য জেলা জজ কোর্টে পাঠানোর আদেশ দেন নারায়ণগঞ্জের বিচারিক আদালতের হাকিম আশিক ইমাম।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জজ কোর্টেই এ মামলার অভিযোগ গঠন হবে।”
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ এ মামলায় গ্রেপ্তার ২২ আসামিকে এদিন হাজিরার জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে ফেরত পাঠান।
গত বছর ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।
হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামনুর রশিদ মণ্ডল।
তিনি এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি গত ১১ মে নারাজি আবেদন করেন।
এদের মধ্যে র্যাবের অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ মোট ২২ জন কারাগারে রয়েছেন। বাকি ১৩ আসামি পলাতক রয়েছেন।
মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে আটকের পর সেখানেই কারাগারে আটক রয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় সাজা হওয়ায় কাউন্সিলর পদ খুইয়েছেন তিনি।
জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, “পলাতক আসামিদের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারে উদ্যোগ নেওয়া হবে। ভারতের কারাগারে আটক নূর হোসেনকে ফেরত আনার সব রকম চেষ্টা চলছে।”
গত বছর লাশ উদ্ধারের পরপরই নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নজরুলের শ্বশুর এই অভিযোগ তুললে দেশব্যাপী আলোচনার ঝড় বয়ে যায়। নারায়ণগঞ্জে দায়িত্বরত র্যাব কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করলেও পরে বাহিনীর তদন্তেই অভিযোগের সত্যতা আসতে থাকে।
ওই তদন্তে উঠে এসেছে, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে নুর হোসেন র্যাবকে দিয়ে আওয়ামী লীগ সমর্থক আরেক কাউন্সিলর নজরুলকে খুন করান।
হাই কোর্টের নির্দেশে পুরো ঘটনার তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই কমিটি গত মার্চে উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে।
আসামি যারা
অভিযোগপত্রের প্রধান আসানি নূর হোসেন ও তার সহযোগী বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার সেলিম ভারতের কারাগারে আটক।
নূর হোসেনের সহযোগী সিদ্ধিরগঞ্জ এলাকার সানা উল্লাহ, ম্যানেজার শাহ্জাহান ও জামাল উদ্দিন পলাতক রয়েছেন।
র্যাব-১১ এর সার্জেন্ট এনামুল কবীর, এএসআই কামাল হোসেন, কর্পোরাল মোখলেছুর রহমান, সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন মুন্সী, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান পলাতক।
কারাগারে আটক রয়েছেন র্যাব-১১ এর সাবেক ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, এস আই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন ও বাবুল হাসান, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী আবু তৈয়ব, নুরুজ্জামান ও আসাদুজ্জামান নূর।
এছাড়া নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।
অব্যাহতি পাওয়া পাঁচজন
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিনুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেনের নাম অভিযোগপত্রে থাকলেও অভিযোগপত্রে নাম না আসায় তাদের অব্যাহতি দিয়েছে আদালত।
