আশুলিয়ায় ১৫০ কচ্ছপসহ যুবক আটক
সাভারের আশুলিয়া থেকে বিরল প্রজাতির ১৫০টি কচ্ছপসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে নবীনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয় বলে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদুল আলম জানান।
আটক মামুন হোসেনের বাড়ি যশোর জেলায়।
এএসআই সাজ্জাদুল বলেন, নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জয় রেস্তরাঁর সামনে যশোর থেকে আসা বাস থেকে নামার পরই তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা দুটি কার্টন থেকে ১৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হবে বলে জানান তিনি।
