২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্র চাইলে আমিও বিচার পেতাম: সামিউলের বাবা

ঘটনার চার মাসের মধ্যে সিলেটের শিশু রাজন ও খুলনার রাকিব হত্যা মামলার রায় হলেও পাঁচ বছরেও শেষ হয়নি ঢাকার আদাবরের আলোচিত শিশু সামিউল হত্যার বিচার কাজ।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 01:29 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মাঝে জামিনে বেরিয়ে পালিয়ে গেছেন মামলার প্রধান আসামি। এমন পরিস্থিতিতে বিচার নিয়ে হতাশ হয়ে পড়েছেন মামলার বাদী সামিউলের বাবা কে আর আজম।

২০১০ সালের ২৩ জুন পাঁচ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার পর তার লাশ বস্তায় ভরে ফেলে রাখা হয় তাদের আদাবরের নবোদয় হাউজিংয়ের বাসার পাশে।

অভিযোগ রয়েছে, মা আয়শা হুমায়রা এশার (২৫) প্ররোচনায় তার কথিত প্রেমিক শামসুজ্জামান ওরফে আরিফ ওরফে বাক্কু (৩৮) সামিউলকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় সামিউলের বাবা আজম (৪২) হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন। আদাবর থানার এসআই সাহান হক ২০১২ সালের ১ ফেব্রুয়ারি এশা ও বাক্কুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Image
সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

এরপর গত তিন বছরে রাষ্ট্রপক্ষের ৩১ সাক্ষীর মধ্যে মাত্র ১৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বিচার কাজের এ ধীরগতিতে হতাশা প্রকাশ করে বাদী আজম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই চাইলে আমার ছেলে হত্যার বিচারও দ্রুত শেষ হতে পারত। রাষ্ট্র চাইলে কী না করা যায়।”

বিচার কাজের এই ধীরগতির কথা স্বীকার করেছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুকুজ্জামান ভূইয়া টিপুও।

তিনি বলেন, “দরিদ্র সাক্ষীদের আদালতে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তাদের আসা-যাওয়ার ভাড়া, শ্রমঘণ্টা উসুলসহ বেশকিছু ব্যাপার ছিল।”

দীর্ঘসূত্রতার পাশাপাশি সাক্ষ্যগ্রহণ চলাকালে বাক্কুর জামিন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বাদী।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি ৪ সপ্তাহের জামিন নিয়ে বের হয়ে পালিয়ে যান বাক্কু। পরে হাই কোর্ট তার জামিন বাতিল করে।

“জামিন বাতিলে কী হবে? জামিনের কারণেই তো পালিয়ে যাওয়ার সুযোগ মিলেছে। বিচারকও চেয়েছেন তার (বাক্কুর) জামিন হয়ে যাক,” ক্ষোভের সুরে বলেন আজম।

এ কারণে স্ত্রী এশার জামিনেও আপত্তি করেননি বলে জানান তিনি। তার জিম্মায় গত ২ এপ্রিল জামিন পান এশা।

“মামলা চালিয়ে আর কী হবে। এশাকেও কারাগারে আটকে রেখে কী লাভ? আমি আর মনে রাখতে চাই না। কিন্তু ভুলে যাওয়াও সম্ভব হচ্ছে না।”

বাক্কু ও এশা দুজনই আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছিলেন।

জামিনের পর বাক্কু মামলার বাদীকে ‘হুমকি দেয়’ বলেও অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে মামলা চালানোর বিষয়ে বাদীর আগ্রহ হারানোর কথা জানান তার আইনজীবী ইসলাম উদ্দিন বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাক্কুর জামিন হওয়ার পর তিনি (আজম) মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। শত বুঝিয়েও তাকে আমরা আর আশাবাদী করতে পারিনি।”

অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুকুজ্জামান ভূইয়া টিপু মামলার ভবিষ্যত নিয়ে এখনও ‘আশাবাদী’।

“এখন পর্যন্ত সাক্ষ্য যা হয়েছে তাতে দুই আসামির কেউই খালাস পাবে না। তাদের সর্বোচ্চ শাস্তিই হবে,” বলেন তিনি।

ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আগামী বুধবার মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন রয়েছে।

গত ৮ জুলাই সিলেটে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

মাস না ঘুরতেই ৩ অগাস্ট খুলনায় একটি ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় ১২ বছরের রাকিব হাওলাদারকে।

রোববার রাজন হত্যা মামলা চার জনের এবং রাকিব হত্যা মামলায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।

পুরনো খবর:

শিশু সামিউল হত্যা মামলায় বাদীকে হুমকির অভিযোগ
সামিউল হত্যা: মা ও প্রেমিকের বিরুদ্ধে অভিযোগপত্র
সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন