মুন্সীগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসচাপায় রিকশাচালক ও রিকশারোহী এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে; ‘গুরুতর’ আহত হয়েছেন পরীক্ষার্থীর এক স্বজন।
নিহত রিফাত আহম্মেদ (১২) রাজনগর উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং তেঘরিয়া গ্রামের রিপন আহম্মেদের ছেলে এবং রিকশাচালক আয়েন উদ্দিন (৪০) ময়মনসিংহের আলতাফ উদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সোয়া ৯টায় রিফাতকে নিয়ে তার মামা জিসান (১৪) রিকশায় করে কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।
“ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলায় স্বাধীন পরিবহনের মাওয়ামুখী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে রিফাত ঘটনাস্থলেই নিহত এবং আয়েন উদ্দিন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
“গুরুতর আহত জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সাত-আটটি যানবাহন ভাঙচুরসহ দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে বেলা ১১টায় যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে দুর্ঘটনাকারী বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
