সোনা চোরাচালানে ৫ ভারতীয়কে দণ্ড
সোনা চোরাচালানের সম্পৃক্ততার দায়ে ভারতের পাঁচ নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ভারতের নাগপুর শহরের বাসিন্দা বিজয় কুমার, কামাল, রামকুমার গোলাবমাল, রহিত অশোক এবং আহমেদাবাদ ভিননাক পার্কের বাসিন্দা রাকেশ লক্ষণ ভাই।
প্রত্যেককে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমাদান এবং দণ্ডিতরা জরিমানা অর্থ না দিলে প্রত্যেককে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।”
দণ্ডিতরা সবাই বর্তমানে কারাগারে আছেন বলে জানান তিনি।
মামলায় বলা হয়, ২০১৪ সালের ২২ জুন যশোরের পুলেরহাট আকিজ ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৬টি সোনার বারসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করা হয়।তাদের কাছ থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের হাবিলদার আজিজুল হক এই ভারতীয়দের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
