জঙ্গি সন্দেহে ঢাকায় ৪ পাকিস্তানিসহ গ্রেপ্তার ৭
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সন্দেহভাজন সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের চার জন পাকিস্তানি।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার পাকিস্তানিরা হলেন- মো. ইদ্রিস আলী, মো. শাকিল, মো. খলিলুর রহমান ও মো. ইকবাল।
এছাড়া বাংলাদেশি তিনজন হলেন- বাবুল খান, মো. শহীদ ও মো. ফরমান।
তাদের কাছে জিহাদি বই, সিডি, চারটি পাকিস্তানি ও তিনটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি মোবাইল সেট ও ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি রুপি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জেএমবির কার্যক্রম সক্রিয় করার জন্য এবং দেশের ভেতর নাশকতা সৃষ্টির জন্য গ্রেপ্তাররা একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তিনি জানান, তারা জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত; মূলত তারা ধর্মীয় উগ্র মতাদর্শীদের অর্থায়ন করে থাকে।
কারান্তরীণ জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের অনুসারীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কথিত জেহাদের নামে কাজ করছে বলেও জানান মুনিরুল।
পাকিস্তানিদের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টের বিষয়ে তিনি বলেন, “পাসপোর্টগুলো বৈধ, তবে তাদের ঘন ঘন আসার বিষয়টি রহস্যজনক।”
