২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের মৃত্যু: তিন পুলিশ প্রত্যাহার

গাজীপুরের পিরুজালীতে পিকনিক স্পটে যুবকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

শুক্রবার সন্ধ্যায় এ তিন পুলিশকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল হক, এএসআই দিলীপ চন্দ্র সরকার ও এপিএসআই গোলাম মোস্তফা।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান, পিরুজালী ‘তরুবীথি’ পিকনিক স্পটে  মাদক ও নারীসহ কিছু যুবক অবস্থান করার খবর পেয়ে বুধবার মধ্যরাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পট থেকে অন্যরা পালিয়ে গেলেও  নারীসহ মনিরুজ্জামানকে পায় পুলিশ। ওই সময় পুলিশ দেখে মনিরুজ্জামান হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।”

পরে ওই তরুণী মনিরকে চিকিৎসা করানোর কথা বলে পুলিশের কাছ থেকে রেখে দেন বলে জানান এসআই নাজমুল।

ওই তরুণীর বরাত দিয়ে এসআই নাজমুল জানান, কিছুক্ষণ পর পুলিশ চলে গেলে স্পটেই মনিরের মৃত্যু হয়।  

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে মনিরের লাশ নিয়ে ওই নারী চলে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে মনিরের বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং ওই তরুণীকে থানায় নিয়ে যায়।