অ্যামনেস্টির বিবৃতি প্রত্যাহার চেয়ে সেক্টর কমান্ডারসের চিঠি
মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিকে সার্বভৌম দেশের বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে দেখছে সেক্টর কমান্ডারস ফোরাম।
ওই বিবৃতি প্রত্যাহার বা শব্দগত সংশোধনের জন্য পদক্ষেপ নিতে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে একটি চিঠিও দিয়েছে ফোরাম।
শুক্রবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরামের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের বিচারের অপব্যাখ্যা করছে। প্রকারন্তরে যুদ্ধাপরাধীদের সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই অপব্যাখ্যা।
“অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজকর্ম মানবতার পক্ষে বলার। তারা তা বলছে না, বরং মানবতার বিপক্ষে যারা কাজ করেছে এবং যুদ্ধাপরাধের দায়ে যারা বিচারের সম্মুখীন হচ্ছে তাদের পক্ষ থেকে কথাগুলো বলে যাচ্ছে। ”
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের চূড়ান্ত রায় শেষে রিভিউ শুনানির আগে গত ২৭ অক্টোবর অ্যামনেস্টি এক বিবৃতিতে বলে, একাত্তরে মুক্তিযোদ্ধারাও ‘গুরুতর অপরাধ’ করেছিলেন, কিন্তু এজন্য একজনের বিরুদ্ধেও কোনো তদন্ত কিংবা বিচার হয়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন হলেও এ ধরনের বিবৃতির মাধ্যমে তারা মানবতাবিরোধী অবস্থান নিয়েছে বলে এরইমধ্যে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গত ৩০ অক্টোবর এক ধিক্কার কর্মসূচি শেষে তিনি এ মন্তব্য করেন।
অ্যামনেস্টি ওই বিবৃতির মাধ্যমে ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।
তিনি বলেন, “আজকে তারা বিচার চেয়েছে মুক্তিযোদ্ধাদের, যারা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ১৯৭১ সালে জীবন বাজি রেখেছিলেন। আন্তর্জাতিকভাবে এটি একটি স্বীকৃত অধিকার। যদি তারা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেন তাহলে তাদের অপরাধটা কী, সেটি কিন্তু আমাদের বোধগম্য নয়।”
তুরিন বলেন, “মানবাধিকারের কথা যখন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা মানুষ বলে মনে করেন শুধু কতিপয় যুদ্ধাপরাধীদের। তারা কিন্তু ৩০ লাখ শহীদকে মানুষ মনে করেন না, তারা কিন্তু ৪/৫ লাখ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারীদের মানুষ মনে করেন না।
“এক কোটি উদ্বাস্তু, যারা একাত্তরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, তাদেরকে মানুষ বলে মনে করে না। যদি মনে করতেন তাহলে কেন তাদের পক্ষে মানবাধিকারের কোনো বিবৃতি আমরা এখনও পর্যন্ত পাইনি?”
মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ‘লাখ-লাখ’ নির্যাতিত নারীদের পক্ষে অ্যামনেস্টি এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি উল্লেখ করে ফোরামের মহাসচিব হারুন হাবিব বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। এরপর থেকেই দেখা যায়, অপরাধীদের বাঁচানোর জন্য তারা ছলে-বলে ও কৌশলে বিভিন্ন সময়ে বিবৃতি দিতে থাকে।
সর্বশেষ ২৭ অক্টোবর দেওয়া বিবৃতিটি ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্য করে এর প্রতিবাদে ৪ নভেম্বর অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের কাছে চিঠি পাঠানোর কথাও জানান হারুন হাবিব।
পরে সংবাদ সম্মেলনে তিনি ওই চিঠি পাঠ করেন।
অ্যামনেস্টির ‘একপেশে চোখে একপেশে মানবাধিকারের চর্চার’ প্রতিবাদ জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ওপর যখন আঘাতের পর আঘাত হয়-ককটেল ছোড়া হয়, সেখানে তাদের জোরালো কোনো বক্তব্য দেখতে পাই না; মানবাধিকার দেখতে পাই না।”
স্বাধীন ও নিরপেক্ষভাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, গণহত্যা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে. র্যাপ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল স্বীকার করেছে, বাংলাদেশ এই বিচারের মাধ্যমে নিদর্শন সৃষ্টি করেছে।
“অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি মনে করে এ বিচারে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে আদালতের পথ খোলা রয়েছে-আইন আছে। তারা যেতে পারেন।”
তুরিন বলেন, “মানবাধিকার রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র ও ব্যক্তির নয়, আন্তর্জাতিক মহলেরও রয়েছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার চর্চা ও মানবাধিকর নিয়ে কথা বলবে এটা আমাদের প্রত্যাশা। যে বিচার হচ্ছে, তা নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা করে থাকলে তাতে কিছু বলার নেই। বরং উপকৃত হবো, বিচার প্রক্রিয়াকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য।
“কিন্তু যদি তাদের বক্তব্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অপ্রয়োজনীয় হস্তপেক্ষপ বলে মনে হয়, তবে অবশ্যই আমরা বিরোধিতা ও প্রতিবাদ করব। সেই ধারাবাহিকতায় সেক্টর কমান্ডারস ফোরাম তাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে।”
সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশীদ বলেন, “যুদ্ধাপরাধীরা তাদের বিচার প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করেছে, লক্ষ-লক্ষ ডলার খরচ করেছে বলে কিছুদিন আগে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখেছি।
“অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মত একটি সংস্থা সেই টাকায় প্রভাবিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষ নিচ্ছে বলে আমরা সত্যিকারভাবে বিশ্বাস করতে চাই না। কিন্তু তাদের বক্তব্য, তাদের শব্দ চয়ন হুবহু যুদ্ধাপরাধীদের পক্ষে যারা এতদিন ছিলেন, তাদের পক্ষে যারা সাফাই গেয়েছেন তাদের মত। তাদের ভাষা আর এই ভাষা এক বলে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি।”
অ্যামনেস্টি তাদের ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ প্রত্যাহার করবে অন্যথায় বক্তব্যের ব্যাখ্যা দেবে বলে আশা প্রকাশ করেন এই মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ফোরামের ভাইস প্রেসিডেন্ট নূরুল আলম, সহ-সভাপতি আনোয়ার উল আলম শহীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
