অ্যামনেস্টিকে ‘শক্ত জবাব’ দেবে বাংলাদেশ সরকার
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একাত্তরে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘শক্ত জবাব’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি শুরু থেকে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের চূড়ান্ত রায় শেষে রিভিউ আবেদনের আগে গত ২৮ অক্টোবর অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়, একাত্তরে মুক্তিযোদ্ধারাও ‘গুরুতর অপরাধ’ করেছিলেন, কিন্তু এজন্য একজনের বিরুদ্ধেও কোনো তদন্ত কিংবা বিচার হয়নি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অ্যামনেস্টির ওই বিবৃতিটা অগ্রহণযোগ্য। বিবৃতিতে স্বাধীনতাকে এবং মুক্তিযোদ্ধাদেরকে হিউমিলিয়েট করা হয়েছে।
“সরকার অ্যামনেস্টির রিপোর্টের ডিটেইলস স্টাডি করে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।”
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ওই বিবৃতির বিরুদ্ধে যা যা করা দরকার তারা অবশ্যই তা করবেন।
অ্যামনেস্টি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াতে ইসলামীর নেতা মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তুলে বলেছে, বাংলাদেশের বিরোধী দলের এই দুই নেতার মামলার শুনানি ও আপিলের শুনানি যথাযথভাবে হয়নি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের শুরু থেকে তা নিয়ে প্রশ্ন তুলে আসছে অ্যামনেস্টি। তাদের দাবি, এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হচ্ছে না।
বাংলাদেশে বিএনপি এবং জামায়াত দুটি দলও একই বক্তব্য দিয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী জামায়াত বলছে, সাজানো বিচারে তার দলের নেতাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে।
অন্যদিকে দীর্ঘদিনের দাবির মধ্যে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ গ্রহণকারী আওয়ামী লীগ সরকার বলছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই যুদ্ধাপরাধের বিচার চলছে। এমনকি ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে আসামির আপিলের সুযোগ না ছিল না, যা বাংলাদেশের ট্রাইব্যুনালে রাখা হয়েছে।
