অ্যামনেস্টিকে ‘ধিক্কার’ জানাবে গণজাগরণ মঞ্চ
বাঙালির স্বাধীনতার জন্য সংগ্রামকারী মুক্তিযোদ্ধাদের বিচারের কথা বলায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘ধিক্কার’ জানাতে কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ‘অ্যামনেস্টির ধৃষ্টতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ নামে ফেইসবুকে একটি ইভেন্ট খুলে কর্মসূচির ডাক দেন।
অ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়া যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনে অ্যামনেস্টির মূল কার্যালয়ের সামনে আগামী ২ নভেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘গণজাগরণ মঞ্চ, যুক্তরাজ্য’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানিয়েছেন ইমরান।
তাদের বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।”
এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে ইমরান এইচ সরকার বলেছেন, “অবিশ্বাস্য মনে হলেও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ৪৪ বছর পর এসে ঠিক এই ভাষায়ই মহাকাব্যিক মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের আক্রমণ করেছে মানবাধিকারের নামে দানবাধিকার রক্ষায় ব্যস্ত আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি!
“গণজাগরণ মঞ্চ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই ঔদ্ধত্যপূর্ণ ও ন্যক্কারজনক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের রক্ষায় তৎপরতা চালানোর অভিযোগ করে জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের ট্রাইব্যুনালে বিচারের শুরু থেকেই দাতাদের ঋণের উপর নির্ভর করে চলা এই সংগঠনটি সেই সব কুখ্যাত যুদ্ধাপরাধীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে।
“এর অংশ হিসেবে নানা সময় মিথ্যা, বানোয়াট, ধৃষ্টতাপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার অপচেষ্টা করে আসছে তারা। ”
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ‘পক্ষ নেওয়ায়’ অ্যামনেস্টির সাংগঠনিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ইমরান বলেন, “এতে এটা স্পষ্ট হয়ে যায়, আদতে তারা কোনো মানবাধিকার রক্ষার সংগঠন নয়। প্রভাবশালী কুখ্যাত দানবদের বাঁচানোর এজেন্ডাপ্রাপ্ত একটি দানবাধিকার সংগঠন মাত্র।”
