মারা গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ নাসিমা
অগ্নিদগ্ধ হওয়ার দুই সপ্তাহ পর মারা গেছেন বগুড়ার আদমদিঘির এক তরুণী গৃহবধূ।
২৪ অক্টোবর নাসিমা আক্তার নাইস (২৩) অগ্নিদগ্ধ হন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি আদমদিঘি উপজেলার গাদোঘাট গ্রামের আব্দুল গাফফারের মেয়ে এবং পার্শ্ববর্তী কুন্ডুগ্রামের রুবেল হোসেনের (৩০) স্ত্রী।
দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নাসিমার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
যৌতুক না পেয়ে নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছিল।
এরপর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার এসআই মঞ্জুরুল ভুইয়া জানান, নাসিমার মৃত্যুকালীন জবানবন্দি তিনি রেকর্ড করেছেন। এছাড়া তদন্তেও প্রমাণিত হয়েছে যে, তার স্বামীই নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে।
“রুবেলের ভাড়া বাড়ি এখন তালাবদ্ধ। গ্রামের বাড়িতেও তাকে ধরার জন্য অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
নাসিমার বাবা আব্দুল গাফফার জানান, নাসিমা তার একমাত্র সন্তান। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মেয়ের বিয়ে দিয়েছিলেন।
“বিয়ের সময় জামাই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে মসজিদের ঈমামতি শুরু করেন।”
মামলার নথি থেকে জানা যায়, চার-পাঁচ মাস আগে ইমামতি ছেড়ে নওগাঁ সদরে প্লাস্টিক সামগ্রীর দোকান দেন। এ জন্য নাসিমার বাবা রুবেলকে দুই লাখ টাকা দিয়েছেন।
এর আগেও দুই দাফায় তাকে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল। একমাত্র সন্তান হওয়ায় নাসিমার মাও তাকে না জানিয়ে গোপনে জামাইকে টাকা দিতেন।
নওগাঁয় দোকান দেওয়ার পর তারা একটি ভাড়া বাসায় থাকতেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, সর্বশেষ নাসিমার বাবার কাছে রুবেল ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে গত ২৪ অক্টোবর রাতে তিনি নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এর আগেও তিনবার স্বামীর অত্যাচারে নাসিমা বাবার বাড়ি চলে এসেছিলেন। সামাজিক সালিসের মধ্যেমে আর নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে রুবেল তাকে নিয়ে যান।
