অভিজিৎ হত্যা মামলায় জাফরান ফের রিমান্ডে
আনসারুল্লাহ বাংলাটিমের গণমাধ্যম শাখার সদস্য সন্দেহে গ্রেপ্তার জাফরান হাসানকে লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়ে আবার জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার আদালতে জাফরানকে হাজির করে সাত দিন হেফাজতের আবেদন করেন অভিজিৎ হত্যার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফজলুর রহমান।
শুনানি শেষে মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির ‘সদস্য’ জাফরানের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
জাফরানকে গত ১০ সেপ্টেম্বর ঢাকার ফকিরাপুল থেকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহর ‘প্রধান’ আবুল বাশার এবং জুলহাস বিশ্বাস নামে আরেকজনকে।
পরে তাদের অভিজিৎ হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিজিৎকে গত ফেব্রুয়ারিতে একুশের বইমেলার বাইরে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।
জাফরানকে গ্রেপ্তারের পর এক দফা ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের আবেদনে ডিবির পরিদর্শক ফজলুর বলেছেন, “এ আসামি আগের বার রিমান্ডের মুখোমুখি হয়ে যে তথ্য দিয়েছিল, তার অধিকাংশই মিথ্যা। যে কারণে তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
তদন্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিজিৎ হত্যা মামলায় এপর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাফরান ছাড়া অন্যরা হলেন শফিউর রহমান ফারাবী, ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, আবুল বাশার ও মান্নান রাহী।
তাদের সবাইকেই বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ দাবি করছে, তারা সবাই আনসারুল্লাহ সদস্য অথবা এই সংগঠনের সঙ্গে যুক্ত।
