সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
আব্দুল মালেক মানিক (৩০) নামের ওই যুবক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের মো. ইস্রাফিলের ছেলে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে বলে মানিকের ছোটভাই আপন আহমেদ জানান।
তিনি বলেন, “কাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি ভাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গেলে আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
মানিকের মামাশ্বশুর সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিন তাদের এ খবর জানিয়েছেন বলে জানান আপন।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বলেন, “দুর্ঘটনার খবর শুনে আরেক সৌদি আরব প্রবাসী পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছি। লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রহমান জানিয়েছেন।”
