বেনাপোলে ভ্যান উল্টে পুলিশসহ আহত ৪
অস্ত্রসহ আটক এক যুবককে নিয়ে যাওয়ার সময় বেনাপোলে ভ্যান উল্টে চালক ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর পুলিশের হেফাজতে থাকা ওই যুবক হাতকড়াসহ পালিয়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার বিকালে কাগজপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও পিকআপ ভ্যানচালক হামজার রহমানকে যশোর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দর এলাকা থেকে একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ইলিয়াস (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ।
“বুধবার তাকে আদালতে নেওয়ার সময় বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন সদস্য ও ভ্যান চালক আহত হন।”
ওই সুযোগে ইলিয়াস পালিয়ে যান বলে জানান ওসি অপূর্ব।
ইলিয়াস রাজবাড়ী সদর উপজেলার কারচন্দ্রপুর গ্রামের সুরুজ মোল্লার ছেলে। তিনি একজন অস্ত্র বিক্রেতা বলে জানান তিনি।
