ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ঝালকাঠি সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক নুরুল আমিন (৪৫) উপজেলার নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি ঝালকাঠি সদরের পুরাতন কলাবাগান এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহে আলম।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার দুপুরে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে প্রধান শিক্ষক নিজ কক্ষে ডেকে নিয়ে নিপীড়ন করেন। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা থানায় অভিযোগ করেন।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এদিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে দাবি করে শিক্ষক নুরুল আমিন বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে বিরোধের কারণে মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হচ্ছে।
