মিরপুর-মতিঝিল রুটে ট্রাস্টের বাস
এবার নতুন রুটে বাস সেবা চালু করেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস। মিরপুর থেকে সেনানিবাস হয়ে মতিঝিল পর্যন্ত চলবে এসব বাস।
২০টি বাস নামানোর পরিকল্পনা হলেও মঙ্গলবার নেমেছে ১০টি, যা উদ্বোধন করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন সেন্টারে ওই উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর গণপরিবহন সমস্যা সমাধানে সেনাবাহিনীকে আরও ট্যাক্সি ক্যাব নামানোর অনুরোধ জানান মন্ত্রী।
তিনি বলেন, “ঢাকার মত একটি মেগাসিটিতে ট্যাক্সি ক্যাব নেই। নতুন ক্যাব নামাতে বড় বড় প্রতিষ্ঠানের কাছে গিয়েছি কিন্তু কেউ সাড়া দেয়নি। পরে আর্মিকে অনুরোধ করলে তারা এগিয়ে আসে।
“আমি আর্মিকে অনুরোধ করেছি তারা যেন আরও ট্যাক্সি ক্যাব আনেন। তারা বলেছেন তারা আরও ট্যাক্সি ক্যাব আনবেন। পাশাপাশি বিভিন্ন রুটে একশটি বাস নামাবেন, যার ১০টি আজ সংযুক্ত হল।”
২০১৪ সালের এপ্রিলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নামানো ৫০০টি ট্যাক্সি ক্যাব। এরমধ্যে ২৫০টি সেনাকল্যাণ ট্রাস্ট এবং ২৫০টি একটি তমা ট্রান্সপোর্ট নামে একটি প্রাইভেট কোম্পানি পরিচালনা করছে।
কাদের বলেন, “পদ্মা সেতু, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা এখন আর কোন চ্যালেঞ্জ নয়। বরং চ্যালেঞ্জ হল সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা। যে কোন মূল্যে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”
ট্রাফিক আইন না মানার জন্য ভিআইপিদের সমালোচনাও করেন মন্ত্রী।
তিনি বলেন, “ভিআইপি হিসেবে যারা পরিচিত তারা যদি উল্টো দিকে চলাচল করেন তাহলে জনগন কী শিখবে? আজ দেখলাম সংসদের ভেতরে বাইপাস হয়েছে।”
স্টিকার লাগানো গাড়ির কারণে জট তৈরি হয়েছে জানিয়ে কাদের বলেন, “এই স্টিকার নির্ঘাত নীলক্ষেতে তৈরি হয়। এসব স্টিকার লাগিয়ে ভুয়া এমপি সাজে আর রাস্তার উল্টোপাশ দিয়ে চলাচল করে। এগুলো শুভ লক্ষণ নয়।”
আইন প্রয়োগের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কঠোর হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, “বড় বড় প্রকল্প করলেই হবে না স্বল্প মেয়াদি সমাধানগুলোও দেখতে হবে। নির্বাচনের আগে অনেক সিদ্ধান্ত নেওয়া যায় না, রাস্তায় হৈ চৈ হয়। তাই এখনই সময় কঠোর হোন।”
৩১ ডিসেম্বরের পর ডিজিটাল নম্বর প্লেট ছাড়া রাস্তায় কোন গাড়ি চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।
