২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলভিত্তিক পৌরসভা নির্বাচনের গেজেট

দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

সোমবার এ অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।

এ অধ্যাদেশের ফলে আসন্ন পৌরসভা নির্বাচন দলভিত্তিক হওয়ার সুযোগ তৈরি হল। আর দলীয় প্রতীকে দল মনোনীত প্রার্থীরা অংশ নেবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতীকে অংশ নেবে।

অধ্যাদেশে বিদ্যমান আইনের ২নং ধারায় নতুন দফায় সংসদ নির্বাচনের মতো গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংজ্ঞা যুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে ২০ নং ধারায় পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিধানটি যুক্ত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, অধ্যাদেশ নিয়ে পরবর্তী বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কমিশন সভা আহ্বান করবে ইসি। এতে বিধিমালা চূড়ান্ত ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা করা হবে।

নির্বাচন কমিশন এ অধ্যাদেশের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালা প্রণয়ন করবে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “আমাদের প্রস্তুতি রয়েছে। এখন দ্রুততার সঙ্গে বিধিমালা চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদন পেলেই ইসি তা গেজেট আকারে প্রকাশ করবে। নতুন সংশোধিত বিধিমালার আলোকে দলভিত্তিক পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

পুরনো খবর:

পৌর নির্বাচন ডিসেম্বরের শেষে
দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি