জামিনের পর সাদুল্লাপুরের চেয়ারম্যান গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কোর্ট হাজত থেকে বের হওয়ার সময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামীম হাসান সরদার।
ওসি শামীম জানান, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করে রোববার।
“অভিযোগপত্রের আসামি হওয়ায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকদার রোববার সাইদুর রহমান মুন্সির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।”
সোমবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি হলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেওয়া হয়নি বলে জানান ওসি।
“আদেশ না পাওয়ায় তাকে কোর্ট হাজতে রাখা হয়। পরে জামিনের আদেশ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোর্ট হাজত থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়।”
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের কারণ জানা না গেলেও পলাশবাড়ীর একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানান ওসি শামীম হাসান সরদার।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর থেকে সাদুল্লাপুর বাড়ি যাচ্ছিলেন।
পথে সাদুল্লাপুরের জামালপুর বাজারে সাইদুর রহমান মুন্সির শ্যালক শিবির নেতা শাহাবুল আলম কাজলের নেতেৃত্বে একদল জামায়াত-শিবির সমর্থক বিপ্লবকে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এ সময় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ বিপ্লবকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
ওসি শামীম জানান, ওই ঘটনায় বিপ্লব বাদী হয়ে সাদুল্লাপুর থানায় ২৯ ডিসেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করেন।
