যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যৌতুকের দাবিতে বিয়ের পাঁচমাস পর এক তরুণীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে।
মৃত সনি আক্তার পূজা (২০) গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকার তোতা মিয়ার মেয়ে।
রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর সনির স্বামী উপজেলার ঘেতুয়া গ্রামের রাকিব হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান মুকসুদপুর থানার ওসি আজিুর রহমান।
ওসি বলেন, এ ঘটনার পুলিশ ঘেতুয়া গ্রাম পরিদর্শন করেছে। এ ব্যাপারে রাকিব, তার মা ও বাবাসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সনির ভাই সাইফুল ইসলাম বলেন, দুবাই প্রবাসী রাকিবের সঙ্গে ফেইসবুকে পরিচয় হয় সনির। এ বছরের ৩ জুন রাকিব দেশে ফিরে আসেন এবং ৫ জুন তাদের বিয়ে হয়। বিয়ের এক মাসের মধ্যে রাকিব দুবাই চলে যান।
“দুই মাস পর দুবাই থেকে দেশে ফিরে আসেন রাকিব। ফের বিদেশে যেতে তার সাড়ে ৩ লাখ টাকা লাগবে বলে সনিকে জানান। রাকিবের মা রাশেদা বেগম বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য সনিকে চাপ দেন।"
এ নিয়ে সনিকে মাঝেমধ্যেই মারধর করা হতো বলে অভিযোগ করেন তিনি।
সাইফুল বলেন, “গত ২৪ অক্টোবর সনিকে বিদেশ যাওয়ার টাকা এনে দিতে বলে রাকিব ও তার পরিবারের লোকজন। সনি টাকা এনে দিতে অপারগতা জানালে তার উপর নির্যাতন চালানো হয়ে। নির্যাতনের এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।"
দগ্ধ সনিকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে সনির স্বামী ও পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
