২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টুটুলের হত্যাচেষ্টা মামলা

ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন প্রকাশনা সংস্থাটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

হাসপাতালে চিকিৎসাধীন টুটুলের পক্ষে এক স্বজন সোমবার বিকেলে মোহাম্মদপুর থানায় এই মামলার এজাহার জমা দেন বলে তেজগাঁও পুলিশের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শনিবার বেলা আড়াইটার দিকে শুদ্ধস্বরের ওই কার্যালয়ে ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে তিন হামলাকারী। টুটুল ছাড়াও লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিম হামলায় আহত হন।

তারা তিনজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  এর মধ্যে তারেকের বাঁ হাতের অবস্থা গুরুতর, তার পেটে গুলির ক্ষতও পাওয়া গেছে।

ওই ঘটনার ঘণ্টা তিনেক পর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশিত হয়েছে, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একইভাবে খুন হন।  

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত না হলেও তাদের সন্দেহ আনসারুল্লাহ বাংলাটিমকে ঘিরে। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

পুরনো খবর:

‘আমরা টুটুলকে মারতে এসেছি’
কার্যালয়ে ঢুকে অভিজিতের বইয়ের প্রকাশককে কুপিয়ে জখম
টুটুল, রণদীপমের উন্নতি, তারেকের অবস্থা ‘ভালো নয়’