২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুটুল, রণদীপমের উন্নতি, তারেকের অবস্থা ‘ভালো নয়’

শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও লেখক রণদীপম বসুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ব্লগার তারেক রহিমের অবস্থা এখনও ‘ভালো নয়’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুটুল ও রণদীপম ভালো আছেন। তবে তারেকের বাঁ হাতের অবস্থা ভাল নয়। কাল অস্ত্রোপচার করা হয়েছিল। তাদের আজ কেবিনে দেওয়া হয়েছে।”

শনিবার ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তিন হামলাকারী।  এ সময়  টুটুলের সঙ্গে থাকা তারেক ও রণদীপমকেও কোপানো হয়। রহিমের কোমরে গুলিও করা হয়।

ওই ঘটনার সময় ভেতরে আটকা পড়া এক তরুণ নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা অফিসে ঢুকেই বলেছিল, তারা টুটুলকে মারতে এসেছে।

বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর। অভিজিৎ রায়কেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হত্যা করা হয়।

পেশায় প্রকৌশলী তারেক প্রায়ই তার বন্ধু টুটুলের অফিসে যাতায়াত করতেন। আর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রণদীপম বসুর সঙ্গে টুটুলের যোগাযোগ লেখালেখির সূত্রে। এ বছর ভারতীয় দর্শন নিয়ে একটি বই বেরিয়েছে তার।

আগামী বইমেলায় একটি বই প্রকাশের বিষয়ে আলোচনার জন্য শনিবার তিনি শুদ্ধস্বর কার্যালয়ে গিয়েছিলেন বলে তার বন্ধু প্রভাস দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “হামলার পর রণদীপমই আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে আমি বিভিন্নজনকে ফোন করে খবর দেই।”

কেবিনের সামনে টুটুলের এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “সকালে ভাঙা ভাঙা স্বরে কিছু কথা বলেছেন। তবে কী বলছেন, তা বোঝা যায়নি। এখন ঘুমাচ্ছেন।” 

যে ভবনে শুদ্ধস্বরের কার্যালয়, তার দ্বিতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে। ওই কোচিংয়ের এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীরা যাওয়ার সময় কলাপসিবল গেইটে তালা মেরে দিয়েছিল । পরে পুলিশ এসে সেই তালা খোলে।

আর লালমাটিয়ায় শুদ্ধস্বরে হামলার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় এর মালিক ফয়সল আরেফিন দীপনকে। তিনিও অভিজিতের বইয়ের প্রকাশক ছিলেন।