মামুনের সাবেক স্ত্রী শাহিনার খালাসের রায়ও বাতিল
ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাবেক স্ত্রী শাহিনা ইয়াসমিনের খালাসের রায়ও বাতিল করে ফের শুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান; শাহিনা ইয়াসমিনের পক্ষে ছিলেন শাহ মনজুরুল হক।
খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের ৩০ জুলাই হাই কোর্ট মামুন ও তার সাবেক স্ত্রী শাহিনা ইয়াসমিনকে খালাস দেয়।
আগের দিন একই মামলায় মামুনের খালাসের রায় বাতিল করে আবার শুনানি করার নির্দেশ দেয় আপিল বিভাগ।
গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। মামুনের বড় ভাই সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বিএনপি নির্বাহী কমিটির সদস্য। মুদ্রা পাচারের একটি মামলায় সাত বছরের সাজা খাটছেন মামুন।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ৫০ ব্যক্তির সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। ৭২ ঘণ্টার মধ্যে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। মামুন ছিলেন তাদেরই একজন।
ওই নোটিশের জবাবে সম্পদের হিসাব দাখিল না করায় ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার তখনকার স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩শ ৬৯ টাকা এবং শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ওই বছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের আরেক সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৭ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত মামুনকে ১০ বছর এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে ৩ বছরের দণ্ড দেয়।
মামুন ও শাহিনা ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ২০১২ সালে তাদের খালাস দেয়।
এরপর ওই বছরই দুদক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ায় রোববার মামুনের ও সোমবার শাহিনাকে খালাসের সেই রায় বাতিল হয়ে যায়।
