কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক রিমান্ডে
শেরপুর প্রেসক্লাব নেতাসহ ১১ জনের বিরুদ্ধে ফেইসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক ছামিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার শেরপুরের ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম এ আদেশ দেন।
গ্রেপ্তার ছামিদুল ইসলাম জীবন (৪০) ‘সাপ্তাহিক শেরপুর’র বার্তা সম্পাদক। তিনি সদর উপজেলার মুন্সীরচর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে।
আদালত পুলিশের পরির্দশক আবুল কালাম জানান, দুপুরে ছামিদুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সাতদিনের মধ্যে যেকোনো দিন তদন্ত কর্মকর্তা আসামিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলেও জানান তিনি।
সদর থানার ওসি মাজহারুল করিম সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা থানায় অভিযোগের প্রেক্ষিতে ছামিদুলকে গ্রেপ্তার করা হয়। অভিযোগটি পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ওই মামলায় ছামিদুলকে আদালতে হাজির করা হয় বলেও জানান তিনি।
