২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘কটূক্তি’, সাংবাদিক গ্রেপ্তার

শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে ফেইসবুকে কটূক্তির অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

গ্রেপ্তার ছামিদুল ইসলাম জীবন (৪০) ‘সাপ্তাহিক শেরপুরের’ বার্তা সম্পাদক। তিনি সদর উপজেলার মুন্সীরচর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে।

সদর থানার ওসি মাজহারুল করিম সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা থানায় অভিযোগ করার পর ছামিদুলকে গ্রেপ্তার করা হয়। অভিযোগটি পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ছামিদুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে। রোববার রিমান্ড আবেদনের শুনানির তারিখ রেখে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান ওসি।  

মামলার বাদী সাবিহা সাংবাদিকদের বলেন, “প্রেসক্লাবের গতিশীল কর্মকাণ্ডে ঈর্যান্বিত মহলের যোগসাজশে ছামিদুল আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন।”

ছামিদুল তাদের ব্যক্তিগত পরিচয় নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এছাড়া শেরপুর থেকে প্রকাশিত একটি পত্রিকা সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে জানান সাবিহা।