রাষ্ট্রপতির সঙ্গে সেনা ও বিমান প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
রোববার দুই বাহিনীর প্রধান আলাদাভাবে বঙ্গভবনে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনা প্রধান সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
বিমান বাহিনী প্রধান আগামী ১১ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় ‘ওয়াইএলসি-৬এডি রাডার’ সংযোজন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান এয়ার মার্শাল এসরার।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এসময় দুই বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
