সরাইলে ‘বন্দুকযুদ্ধ’, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কথিত বন্দুকযুদ্ধের পর জনতার সহায়তায় ডাকাত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ধরন্তি এলাকায় এ সংঘর্ষ হয় বলে সরাইল থানার ওসি আলী আরশাদ জানিয়েছেন।
জনতার পিটুনিতে আহত এ চার ব্যক্তিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আলী আরশাদ সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ধরন্তি এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি সেখানে গিয়ে অবস্থান নেয়।
“রাত ৯টার দিকে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“প্রায় আধঘণ্টা স্থায়ী বন্দুকযুদ্ধে ডাকাত-পুলিশের মধ্যে ৮/১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এরপর এলাকাবাসীর সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়।”
ওই সময় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে চর ‘ডাকাত’ আহত হয়েছে। তবে, কেউ গুলিবিদ্ধ হয়নি বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পাইপগান, দুটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
ডাকাতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।
