রিয়াদ সমাহিত, বাড়িতে শোকের মাতম
গুলিতে নিহত ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদের বাড়িতে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
টাকা ও মোবাইল চুরির অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রিয়াদ হোসেনকে (১৭) গুলি করে হত্যা করা হয় বলে স্বজনরা অভিযোগ করেছেন।
রিয়াদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন গ্রামে।
পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান রিয়াদের স্বজনরা।
বুধবার গভীর রাতে বাড়িতে রিয়াদের লাশবাসী গাড়ি পৌঁছলে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
ওই সময় রিয়াদের মা, চাচা, চাচি, ভাইদের সান্ত্বনা দিতে গিয়ে প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে ওঠেন।
কান্নাজড়িত কণ্ঠে রিয়াদের মা রোকেয়া বেগম বলেন, “আমার ছেলে হত্যার বিচার চাই।”
তার চাচি মুন্নী বেগম বলেন, “আমরা গরিব, আমাগো দিকে একটু নজর রাইখেন। রিয়াদের মা মনে হয় ছেলের শোকে আর বাঁচব না।”
রিয়াদের চাচা আলমগীর হোসেন জানান, তিন বছর আগে ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কর্মচারীর চাকরি নেয় রিয়াদ।
মাসে মাত্র সাড়ে তিন হাজার টাকা বেতন পেত রিয়াদ। হোটেল মালিক ঈদুল আজাহাতেও রিয়াদকে বাড়ি আসতে দেয়নি বলে জানান আলমগীর।
সোমবার সন্ধ্যায় রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের শেষবার কথা বলে জানান তিনি।
রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাসেল আমাকে ফোন দিয়ে বলেছে-ঢাকায় আয়, আমার সঙ্গে দেখা কর।”
বিষয়টি তিনি তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।
রিয়াদের বড় ভাই মোহাম্মদ রিপন বুধবার হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেলকে আসামি করে ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে টাকা ও মোবাইল চুরির অভিযোগে রিয়াদকে গুলি করে হত্যা করে মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলাম সোহেল।
জিজ্ঞাসাবাদের জন্য ওইদিনই হোটেল ম্যানেজার শফিক ও রিয়াদের খালাতো ভাই মাইনউদ্দিনকে আটক করে পুলিশ।
