গোপালগঞ্জের আদালতে বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড
দশ বছর আগে গোপালগঞ্জের আদালত চত্বরে সিরিজ বোমা হামলার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন- মিলন খান, জিল্লুর রহমান মোল্লা, জিয়াউর রহমান, গিয়াস উদ্দিন ও হাসান আলী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় দেন।
আদালতের সরকারি কৌসুঁলি সৈয়দ শামসুল হক বাদল জানান, পাশাপাশি বিচারক আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ে বিচারক দণ্ডিতদের জেএমবি সদস্য বলেছেন কিনা জানি না। তবে মামলার নথিপত্রে তাদের ‘জামায়াতুল মুজাহেদীনের (জেএমবি) সঙ্গে যুক্ত’ বলা হয়েছে।”
রায়ে বিচারক মামলার আরো ৪ আসামিকে খালাস দিয়েছেন। এরা হলেন- রাকিব, মামুন, আনিসুর রহমান ও আনিছুজ্জামান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ অগাস্ট গোপালগঞ্জের জজ কোর্ট চত্বরসহ পাঁচটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল হক বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
২০০৬ সালের ১৬ জুন সদর থানার ওসি রুহুল ইসলাম ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে গত ১১ অগাস্ট গাজীপুরে সিরিজ বোমা হামলার মামলায় ১৭ জন জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার আরেকটি দ্রুত বিচার ট্রাইবুনাল।
