২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চালক মেরে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে শ্বাসরোধে হত্যা করে ট্রাক ছিনতাইয়ের এক সপ্তাহ পর পাঁচজনকে আটক করেছে পুলিশ; উদ্ধার হয়েছে বাহনসহ লুটের মালামাল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:44 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

চালককে হত্যা করে পণ্যভর্তি ট্রাক ছিনতাই

শাহজাদপুর থানার এসআই আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এর আগে বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার আহম্মদপুর এলাকা থেকে মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে এই পুলিশ সদস্য জানান।

আটকরা হলেন- বনবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) ও তার ভাই রফিকুল ইসলাম (১৮), একই এলাকার শহিদুল ইসলাম (৪৮), নূরুল ইসলাম (৪২) এবং আবু সায়েম (৩৬)।

ইউনিলিভারের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়া যাওয়ার পথে গত ২২ অক্টোবর ঢাকার চান্দুরা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে ট্রাকটি।

ছিনতাইকারীরা ট্রাক চালক জাহাঙ্গীর হোসেনকে (৪৫) হত্যা করে, তার ছেলে হাসানও (১৫) আহত হন। তাদের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের কাছে বিন্নাবাড়ী এলাকায় ফেলে রেখে মালামালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

Image
এক সপ্তাহ আগে ছিনতাই করা ট্রাকের মালামালসহ গ্রেপ্তার পাঁচজন।

এক সপ্তাহ আগে ছিনতাই করা ট্রাকের মালামালসহ গ্রেপ্তার পাঁচজন।

ওই দিনই হাসান শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে তারা ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেন।

এর সূত্র ধরে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় বনবাড়িয়ায় আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ট্রাকে থাকা ২৪৮ কার্টন হুইল সাবান ও ২৮১ বস্তা হুইল পাউডার উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয় বলে জানান তিনি।