চালককে হত্যা করে পণ্যভর্তি ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে শ্বাসরোধে হত্যা করে পণ্যভর্তি ট্রাক নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে ওই চালকের ছেলে।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘাবাড়ি সেতু এলাকার বিন্নাবাড়ী থেকে ওই চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত তার ছেলে হাসানকে (১৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য নিয়ে বগুড়া যাচ্ছিল ট্রাকটি। ঢাকার চান্দুরা এলাকায় পৌঁছলে যাত্রীবেশে চার ছিনতাইকারী ট্রাকে ওঠে। এক পর্যায়ে তারা ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে বিপরীত দিকে আসতে থাকে।
“পরে জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা এবং হাসানকে শ্বাসরোধের পর মৃত ভেবে বিন্নাবাড়ী এলাকায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা।”
সকালে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে মর্গে এবং হাসানকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
