ইমামবাড়ায় বোমায় আহত একজনের মৃত্যু
পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে বোমা হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামাল উদ্দিন নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
“বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।”
পাঁচ দিন আগের ওই হামলার ঘটনায় এ নিয়ে মোট দুই জনের মৃত্যু হল।
মেডিকেল ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম জানান, হোসাইনী দালানে আহতদের মধ্যে এখনও দশজন ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।
আশুরা উপলক্ষে নাজিম উদ্দিন রোডের হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গত ২৩ অক্টোবর প্রথম প্রহরে তিনটি হাতে তৈরি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই বিস্ফোরণে আহত হন ১১৫ জন। ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৫ অক্টোবর অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ।
এজাহারে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে বিরাজমান সংহতি বিনষ্ট করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন, গাবতলীতে গত ২২ অক্টোবর এএসআই খুনের সঙ্গে তাজিয়া মিছিলে হামলার ঘটনার যোগসূত্র রয়েছে।
