সুনামগঞ্জে অপহৃত ৩ কিশোর উদ্ধার
জেলা সদরে অপহৃত তিন কিশোরকে ছাতক উপজেলায় উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনর রশীদ জানান, বুধবার রাত ৯টার দিকে ছাতকের জাউরা বাজার এলাকায় অপহরণকারীরা মাইক্রোবসসহ তাদের ফেলে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিন কিশোর হলো জেলা শহরের বড়পাড়া এলাকার উবায়েদ মিয়ার ছেলে ইমন (১৫), এরশাদ আলী ছেলে রানা (১৪) ও কদানশ আলীর ছেলে আকাশ (১৫) ।
সন্ধ্যা ৬টায় জেলা শহরের নতুন কোর্ট এলাকা থেকে ওই তিন কিশোরকে অপহরণ করা হয় বলে তাদের পরিবার অভিযোগ করেছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আকাশের মা সাজেদা বেগম বলেন, বিকালে সহপাঠী রানা ও ইমনকে নিয়ে বাজার করতে শহরের মধ্যবাজারে যায় আকাশ।
“সন্ধ্যায় বাসায় ফেরার পথে নতুন কোর্ট এলাকায় কয়েকজন যুবক তাদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি আমরা সদর থানা পুলিশকে জানিয়েছি।”
তবে মুক্তিপণ দাবি করে কেউ তাদের ফোন করেনি বলে জানান স্বজনরা।
