সুনামগঞ্জে ৩ কিশোর ‘অপহৃত’
সুনামগঞ্জ সদরে তিন কিশোর অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এরা হল, সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার উবায়েদ মিয়ার ছেলে ইমন (১৫), এরশাদ আলী ছেলে রানা (১৪) ও কদানশ আলীর ছেলে আকাশ (১৫) ।
সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, বুধবার সন্ধ্যা ৬টায় শহরের নতুন কোর্ট এলাকা থেকে ওই তিন কিশোরকে অপহরণ করা হয়েছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে।
তাদের উদ্ধারে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আকাশের মা সাজেদা বেগম বলেন, বিকালে সহপাঠী রানা ও ইমনকে নিয়ে বাজার করতে শহরের মধ্যবাজারে যায় আকাশ।
“সন্ধ্যায় বাসায় ফেরার পথে নতুন কোর্ট এলাকায় কয়েকজন যুবক তাদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি আমরা সদর থানা পুলিশকে জানিয়েছি।”
তবে এ ঘটনার পর এখনও মুক্তিপণ দাবি করে কেউ কোনো ফোন করেনি বলে জানান ওসি।
