২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান (২৬) কাজিপুর উপজেলার টিকরাভিটা গ্রামের মো. রব্বেল ভুইয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার অর্থ ধর্ষিতা ও তার সন্তানকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওই আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন।

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৮ সালের ৩ এপ্রিল টিকরাভিটা গ্রামের এক রিকশা চালকের মেয়েকে ধর্ষণ করে হাফিজুর। মেয়েটি সন্তান সম্ভাবা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং এ নিয়ে গ্রাম্য সালিশ হয়। সালিশে হাফিজুর ধর্ষণের বিষয়টি স্বীকার করলে মেয়েটির সঙ্গে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন সালিশকারীরা। বিয়ের আয়োজনের মধ্যে বাড়ি থেকে পালিয়ে যায় হাফিজুর।

এরপর ওই বছরের ১২ অক্টোবর মেয়েটির বাবা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে কাজিপুর থানায় মামলা করেন।

এপিপি বলেন, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে ধর্ষিতা ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির লালন-পালনের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত।