বরিশাল মেডিকেল বন্ধ ঘোষণার ২ ঘণ্টা পর প্রত্যাহার
ছাত্রলীগের দুপক্ষের মারামারির পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার দুঘণ্টা পর প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা জানান, বন্ধ ঘোষণার পর স্থানীয় সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরণ ছাত্রলীগের দুপক্ষ ও কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে ছাত্রলীগ নেতাদের তিনি বুঝিয়ে আশ্বস্ত করার পর বিকাল ৫টার দিকে কলেজ কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা প্রত্যাহারে সম্মত হয় বলে জানান অধ্যক্ষ।
বুধবার দুপুরে ছাত্রলীগের দুপক্ষের মারামারির পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
একইসঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তবে, ছাত্রীনিবাসের ছাত্রীদের আপাতত হল ত্যাগ করতে হবে না বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে সংগঠনের একপক্ষে নেতৃত্বদানকারী অনুপ সরকারের সমর্থকরা মিছিল বের করে।
এরপরই মিছিল বের করে অপরপক্ষের নেতা কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন সমর্থকরা।
এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপরই কর্তৃপক্ষ বেলা ৩টার দিকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়।
বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনছারউদ্দিন জানান, ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ ক্যাম্পাসে পৃথক মিছিল বের করলে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন জানান, দীর্ঘ ১২ বছর পর চলতি মাসের ১৮ তারিখ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে বরিশাল মহানগর ছাত্রলীগ।
তিনি বলেন, “এরপর থেকেই ছাত্রলীগ নামধারী ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
“দুপুরে তারা ক্যাম্পাসে মিছিল বের করলে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।”
সংগঠনটির অপর গ্রুপের নেতা অনুপ সরকার বলেন, সংগঠনের দুঃসময়ের নেতাকর্মীদের বাদ নিয়ে কমিটি করেছে মহানগরের নেতৃবৃন্দ।
“এ বিষয়ে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানালে কেন্দ্র থেকে কলেজ শাখা কমিটি স্থাগিত করেন।”
এ খবর পেয়ে তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে প্রতিপক্ষরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তবে, শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা কমিটি স্থাগিত করা হয়নি বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিন।
