চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত একটি যানবাহনের এক যাত্রী নিহত হয়েছেন, আহত হন তিনজন।
মঙ্গলবার উপজেলার জগন্নাথপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান।
নিহত মনোয়াজ হোসেন (২০) মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের বাসিন্দা। তিনি ইটভাটা শ্রমিক ছিলেন।
আহত লাল মিয়া (৬২), জনি মিয়া (২৮) ও মো. ওসমান (২৬) একই গ্রামের বাসিন্দা।
তাদের একজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকালে বালিভর্তি ট্রাক্টরটি মুজিবনগর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে একটি যাত্রীবাহী করিমনকে (শ্যালো ইঞ্জিনচালিত যান) ধাক্কা দিলে চারযাত্রী আহত হন।
“মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মনোয়াজের মৃত্যু হয়।”
ট্রাক্টর চালক মো. হাসিবকে (২২) আটক করা হয়েছে বলে জানান তিনি।
