মেহেরপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
দুইটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মেহেরপুরের একটি আদালত।
এর মধ্যে একটি মামলা চলেছে পাঁচ বছর ও অন্যটি ২২ বছর।
আতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা মঙ্গলবার এ দুই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর সদরের যাদপুর গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সেন্টু মিয়া (২৯), আব্দুল মান্নানের ছেলে মিয়ারুল ইসলাম (৩০), জহুর আলীর ছেলে কাবিদুল হক (৩২), চুয়াডাঙ্গার দামুড়হুদার ভগিরতপুর গ্রামের আক্কাস আলীর ছেলে কালু হোসেন (৪৮) এবং কালিয়াবকরি গ্রামের পটল বিশ্বাসের ছেলে বাবলু হোসেন (৪৫)।
সদর উপজেলার ঘটনায় মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ ফ্রেব্রুয়ারি যাদবপুর গ্রামের একটি গমক্ষেতে রাশেদা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় সদর থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিহাদ হোসেন তিন আসামি সেন্টু, মিয়ারুল ও কাবিদুলের নামে অভিযোগপত্র দেন।
অপর মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ১৪ মে রাতে ১০-১২ জন সন্ত্রাসী মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আক্তারুজ্জামান আতাইকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি আমবাগানে গুলি ও জবাই করে হত্যা করে।
পরদিন নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে মুজিবনগর থানায় কালু, বাবলুসহ নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলায় নয় জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়।
এর মধ্যে কালু ও বাবলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের বেকসুর খালাস দেয় আদালত।
দুই মামলাতেই আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক।
