ইমরানকে হত্যার হুমকি: ময়মনসিংহে যুবক আটক
ফেইসবুকের একটি আইডি থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহে এক যুবক আটক হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমরুল হোসেন জানান, সোমবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে সোহেলকে (২৫) আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফেইসবুকে ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাকে ধরা হয়েছে।
“ময়মনসিংহ সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) মাধ্যমে তাকে ইতোমধ্যে ঢাকা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।”
এবিষয়ে জানতে চাইলে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহিল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবিষয়ে এখনো তিনি কিছু জানেন না। খোঁজ-খবর নিয়ে পরে জানাবেন।
মঙ্গলবার এই গ্রেপ্তারের খবর প্রথমে ইমরানই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “এই মাসে আমাকে যে ব্যক্তি হুমকি দিয়েছিল, তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন সিআইডির হাতে আছে। ”
সহযোগিতার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।
গত ১৭ অক্টোবর বিকালে ফেইসবুকের একটি আইডি থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেন ইমরান এইচ সরকার।
ওই দিন সকাল ১০টা ১৯ মিনিটে ‘আরাফ আল ইসলাম’ নামে একটি ফেইসবুক আইডি থেকে তাকে হুমকি দেওয়া হয়। সেখানে ‘বিদেশি নাগরিকদের মতো তাকেও হত্যা করা হবে’ বলে লেখা হয়।
সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশিকে একই কায়দায় গুলি চালিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত বলে দাবি উঠলেও সরকার তা প্রত্যাখ্যান করে।
এর মধ্যে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সরকারকে বেকায়দায় ফেলতে ‘শেতাঙ্গ হত্যা’ করেছে বলে পুলিশ দাবি করছে।
ওই দিনের হুমকি সম্বলিত ফেইসবুক পাতার স্ক্রিনশট নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান।
ইমরান লিখেছেন, “সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে। পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।”
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলনে নেতৃত্বদাতা লিখেছেন, “কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়ত এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।”
বিষয়টি পুলিশে জানিয়েছেন জানিয়ে ইমরান লিখেছেণ, “আমি ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবগত করেছি। তারা একটি সাধারণ ডায়রির পরামর্শ দিয়েছেন এবং হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।”
